কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিন্ডিকেটের দৌরাত্ম্য খুব দ্রুতই দমন করা হবে: শ্রম উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৭, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা বিদ্যমান উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিন্ডিকেট একটি দীর্ঘস্থায়ী সমস্যা এবং এর দৌরাত্ম্য খুব দ্রুতই দমন করা হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, ভোক্তাদের কষ্ট লাঘব করতে হলে পণ্যের হাতবদল এবং সিন্ডিকেট প্রথা বন্ধ করতে হবে। এ জন্য সব বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এবং সরকার তাদের সহায়তা করবে।

তিনি আরও বলেন, সিন্ডিকেটের ওপর ভোক্তাদের নির্ভর করতে না হয়, তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে। সরকার বেসরকারি খাতে ঋণ সুবিধা প্রদান করে সহায়তা করবে।

এদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান বলেছেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়। তিনি উল্লেখ করেন, সমবায় পদ্ধতি এখনও দেশে কার্যকর করা হয়নি, ফলে পণ্য অনেক হাতবদল হয়ে দাম বাড়ছে। তবে সমবায় পদ্ধতি গ্রহণ করলে বাজারের এই অস্থিরতা দূর করা সম্ভব হতো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান প্রমুখ।