ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানের নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এছাড়া সোনালি ব্যাংকে লেনদেনের তথ্যও পাওয়া গেছে। অভিযানকালে সংগৃহীত নথিপত্র এবং ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে বলে জানান তিনি।
দুদক সূত্রে জানা যায়, সিআরআই নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থের অপচয় ও বিভিন্ন রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের অভিযোগে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিআরআই-এর চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। তবে অভিযানকালে সরেজমিনে কার্যালয়ে গিয়ে এনফোর্সমেন্ট টিম কার্যালয়টি বন্ধ অবস্থায় পায়।
অভিযানকালে সিআরআই-এর সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাংক (ডাচ-বাংলা, আইএফআইসি, সোনালি ব্যাংক) থেকে তথ্য সংগ্রহ করা হয়। এর আগে সকালে ধানমন্ডিতে সিআরআই নামের কোনো অফিস খুঁজে পাওয়া যায়নি বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। দুপুরে ধানমন্ডি ৬/এ-তে দুদকের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
রাজু আহমেদ বলেন, “রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতি সাধন করা হচ্ছে কিনা, তা যাচাই করার জন্য আমরা এসেছি। ধানমন্ডির কয়েকটি জায়গা ঘুরেও আমরা সিআরআই অফিস খুঁজে পাইনি। আমরা প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে।”












