কুমিল্লাশনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় ভোট নিয়ে দুই পক্ষের সমর্থকদের ওপর হামলা, আহত ১২

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় ভোট দেওয়া বিষয় নিয়ে মসজিদের ভেতরে তর্কের জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের সময় রামকান্তপুর গ্রামের একটি মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি সমর্থক কুদ্দুস তালুকদারের সমর্থকদের সঙ্গে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের রবিউল তালুকদারের সমর্থকদের তর্কাতর্কি ও কথাকাটাকাটির ঘটনা ঘটে।

নামাজ শেষে উভয় পক্ষের সমর্থকেরা মসজিদের সামনে জড়ো হন। পরে একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হন। এতে ১২ জন আহত ও ৬টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলায় মো. ওয়াদুদ তালুকদার (৫০), টিটুল তালুকদার (৩০), মুসা কাজী (৫০), রয়েল কাজী (৩০), সোহরাব তালুকদার (৪৫), শরিফুল ইসলাম (১৬), ফরিদ তালুকদার (২২) সহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাদের ফোনও বন্ধ পাওয়া যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে। ওখানের পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে আজ  শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিবাদমান কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ দেয়নি।