ডেস্ক রিপোর্ট:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। বুধবার (৫ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন রয়েছে। এর প্রেক্ষিতে দুদক ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করেন।
দুদকের বক্তব্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তদন্তকালে তিনি তার অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন বলে তথ্য পাওয়া গেছে।
এর আগে, গত ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংক অ্যাকাউন্ট এবং বাংলাদেশের একটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেওয়া হয়।
এর আগে, গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
এছাড়া, আওয়ামী লীগ সরকার পতনের পর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে থাকা সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারা অনুযায়ী সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান চৌধুরী, আনিসুজ্জামানের স্ত্রী ইমরানা জামান চৌধুরী ও মেয়ে আনিছা জামানের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের লেনদেন প্রথম দফায় ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
২০১৩ সালের উপ-নির্বাচনে সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে পুনরায় নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে পুনরায় নির্বাচিত হন এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।












