ডেস্ক রিপোর্ট:
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছিল ১২ জানুয়ারি পর্যন্ত। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রতিদিনই খবর আসছিল যে, আজ অথবা কাল ঘোষণা হতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল। তবে নানা জটিলতা এবং নাটকীয়তার পর শেষ দিনেই দল ঘোষণার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল ঘোষণায় এত বিলম্বের কারণ মূলত দুই অভিজ্ঞ তারকা—সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে শেষ পর্যন্ত এই দুই তারকা চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকছেন না। তাদের ছাড়াও জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা চার ক্রিকেটার এবার বাদ পড়ছেন স্কোয়াড থেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিসিবি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করবে। তবে আইসিসির নিয়ম অনুযায়ী ঘোষিত দলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। সাকিব আল হাসান যদি এই সময়ের মধ্যে অ্যাকশনের বৈধতা পান, তাহলে তাকে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।
এদিকে বাজে ফর্মের কারণে বাদ পড়ছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শোনা যাচ্ছে, লিটনের বদলে দলে জায়গা পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়াও বাদ পড়তে যাচ্ছেন আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও পেসার শরিফুল ইসলাম। পেসার হাসান মাহমুদও থাকছেন না এই স্কোয়াডে। তার পরিবর্তে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার অপেক্ষায় পেসার নাহিদ রানা। চোট কাটিয়ে দলে ফিরছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।












