কুমিল্লাসোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিব-মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা’র বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দু’জনই দেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ সম্পদ এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে।

ইশরাক হোসেন বলেন, “তারা ক্রিকেটার, তাও যেনতেন ক্রিকেটার নন—বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। জনগণ ও সমাজ এ বিষয়ে অনেকটাই জবাব দিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা হয়েছে, তা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তারা নির্দেশ দিয়ে বা নিজ হাতে কাউকে হত্যা করেছেন—এমনটা আমার মনে হয় না।”

তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেন, যদি তাদের বিরুদ্ধে দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তাহলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। অর্থাৎ, ফৌজদারি অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও আইনি প্রক্রিয়া অনুসরণের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। যদিও ঘরোয়া ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি আত্মগোপনে আছেন বলে ঘনিষ্ঠ সূত্রের দাবি।

অন্যদিকে সাকিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দেশের জার্সিতে খেলেই বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার এই বক্তব্যের পর জাতীয় দলে ফেরাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকেও সাকিবের খেলায় ফেরাকে রাজনৈতিক ইস্যু না করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সাকিবের জাতীয় দলে খেলা তার ফর্মের ওপর নির্ভর করবে। খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না। যে যোগ্য, সে অবশ্যই খেলবে।”

এদিকে চলমান বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি সিরিজ খেলার কথা রয়েছে। গুঞ্জন ছিল, ওই সিরিজে অংশ নিতে ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাকিব। তবে তিনি নিজেই জানিয়েছেন, নির্ধারিত ওই তারিখে দেশে ফিরছেন না।