ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।”
এর আগে ২ অক্টোবর বিএফআইইউ সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব তথ্য তলব করেছিল পুঁজিবাজারে কারসাজি এবং আর্থিক অনিয়মের তদন্ত করতে। তদন্তের পর সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে করে সাকিবের শীঘ্রই দেশে ফেরার সম্ভাবনা আরও কমে গেছে। বর্তমানে তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত না খেলার ঘোষণা দিয়েছিলেন, তবে মাঠে ফেরার সম্ভাবনা নিয়েও সংশয় তৈরি হয়েছে। ইতোমধ্যে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব তার নিজ জেলা মাগুরার একটি আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ৫ আগস্ট রাষ্ট্রপতির সিদ্ধান্তে সংসদ ভেঙে যাওয়ায় সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
এরই মধ্যে একটি হত্যা মামলায়ও অভিযুক্ত হয়েছেন সাকিব। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলে অবসরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, তবে সেই ইচ্ছা আর পূরণ হয়নি।












