ডেস্ক রিপোর্ট:
তাসকিন আহমেদ এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়েছেন বিপিএলে। দুর্বার রাজশাহীর হয়ে খেলে রাকিবুল হাসানকে আউট করার মধ্য দিয়ে এই আসরে তাসকিন পেলেন তার ২৪তম শিকার। তাতে ভেঙে গেল সাকিব আল হাসানের ২০১৮-১৯ মৌসুমে নেওয়া ২৩ উইকেটের রেকর্ড। সাকিব ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে করেছিলেন এই কীর্তি, আর তাসকিন তা ভেঙে দিলেন মাত্র ১১ ম্যাচে।
এবারের বিপিএলে লো-স্কোরিং ম্যাচ কম হলেও রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর লড়াই প্রমাণ করেছে রান উৎসব ছাড়াও ক্রিকেট হতে পারে উপভোগ্য। মাত্র ২ রানের ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়েছে রাজশাহী।
ম্যাচে সবচেয়ে বড় ঘটনা ছিল তাসকিন আহমেদের নতুন ইতিহাস। নিজের স্পেল শেষে ২ উইকেট তুলে নেন তিনি। এ জয়ে রাজশাহী ফাইনালের দৌড়ে টিকে থাকল। এখন তার সামনে আছে আরেকটি বিশাল লক্ষ্য—স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৩ উইকেট নেওয়ার রেকর্ড।
ম্যাচের সবচেয়ে বড় চমক দেখিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দেন তিনি। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
ম্যাচে নায়ক হয়ে উঠতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। কিন্তু নাটকীয় এক সমাপ্তির মধ্য দিয়ে দুর্বার রাজশাহী জানিয়ে দিল, তারাও দুর্বার।












