কুমিল্লাসোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি সুবিধা নেবেন না বলে ঘোষণা দিয়েছেন হাজী আমিন-উর-রশীদ ইয়াছিন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

সরকারি গাড়ি ও সুবিধা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাজী আমিন-উর-রশীদ ইয়াছিন। তিনি বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ব্যক্তিগত গাড়ি ও নিজস্ব অর্থে কেনা জ্বালানি ব্যবহার করছেন এবং ভবিষ্যতেও সরকারি গাড়ি ব্যবহার করবেন না। পাশাপাশি সরকারি বেতন-ভাতাও গ্রহণ করবেন না বলে জানান তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কৃষিতে কুমিল্লা জেলার ঐতিহ্য দীর্ঘদিনের। এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে আধুনিক হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘ট্যাংক ও ব্যাংকের নগরী’ হিসেবে কুমিল্লার যে সুনাম রয়েছে, তা সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করা হবে।

কৃষি উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি উল্লেখ করেন, সেচ প্রকল্পের মাধ্যমে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কুমিল্লা অঞ্চলে আধুনিক কৃষি ব্যবস্থার সূচনা করেন। তাঁর উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দেশ-বিদেশে সমাদৃত। নিজেকে একজন কৃষক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকদের বাস্তব সমস্যাগুলো তিনি বোঝেন এবং কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

এছাড়া আসন্ন ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর টাউন হলে সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রির বিশেষ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।