ডেস্ক রিপোর্ট:
বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করে বুধবার (১১ ডিসেম্বর) এই প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এই সিদ্ধান্ত ২৭ নভেম্বর থেকে কার্যকর হিসেবে গণ্য হবে।
এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা। এখন তা কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।
একই সঙ্গে বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বরও কমানো হয়েছে। আগে মৌখিক পরীক্ষার জন্য ২০০ নম্বর নির্ধারিত ছিল, যা এখন ১০০ নম্বরে নামানো হয়েছে। ফলে বিসিএসের মোট পরীক্ষা হবে ১০০০ নম্বরের, যা আগে ছিল ১১০০ নম্বরের।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমাও বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তন আনতে বিধিমালায় সংশোধন আনা হয়েছে।
গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা এবং বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করার প্রস্তাব অনুমোদন করা হয়।
ওই দিন সভার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ফি কমানো ও মৌখিক পরীক্ষার নম্বর পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে জানান।












