বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সম্প্রসারণ ও কার্যকর পর্যায়ে উন্নীত করার প্রত্যয়ে বৈঠক করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আল-মৌধীর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়ার পরিবেশে সহযোগিতার ক্ষেত্র বিস্তারের বিষয়ে উভয় পক্ষ অভিন্ন মত প্রকাশ করেন। বিশেষ করে ধর্মীয় বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এছাড়া সাংস্কৃতিক বিনিময়, ধর্মভিত্তিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন এবং সেবাখাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ধর্মীয় সেবা কার্যক্রমকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন দুই প্রতিনিধি।
বৈঠকে উভয় পক্ষ অভিন্ন মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিক অগ্রগতির লক্ষ্যে সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার আশাবাদ পুনর্ব্যক্ত করা হয়।












