কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র : সারজিস আলম

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৬, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহকে ষড়যন্ত্রের আলামত হিসেবে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জাতীয় নাগরিক কমিটির ‘ঠাকুরগাঁও রাইজিং’ প্রোগ্রামের বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

সচিবালয়ের আগুন সম্পর্কে সারজিস আলম বলেন, আগুন শুধু তাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছিল। সেখানে কুকুরের মরদেহ পাওয়াকে তিনি ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, সচিবালয়ে আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল এবং গণঅভ্যুত্থানের আগে কিছু আমলা ঢাকার বিভিন্ন জায়গায় খুনি হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল। তারা এখনো সচিবালয়ে চাকরি করছে। সারজিস বলেন, “যতদিন তারা চাকরি করবে, ততদিন সচিবালয় কীভাবে নিরাপদ থাকবে?” তিনি বলেন, “তাদের চেয়ারে বসিয়ে রাখলে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন সম্ভব নয়, তাই অপকর্ম হচ্ছে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের আগে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছিল। অথচ সেটাকে পুঁজি করে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি চলছে। মামলায় নাম দেওয়ার সময় টাকা নেওয়া হচ্ছে এবং মামলা থেকে নাম কাটার সময়ও টাকা নেয়া হচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের বাসায় ডেকে চাঁদাবাজি করা হচ্ছে। এসবের জন্য এত মানুষ শহীদ হয়নি।”

জাতীয় নাগরিক কমিটি সম্পর্কে সারজিস বলেন, “এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি রাজনৈতিক শক্তি। সবাই অনুভব করছে যে নতুন কিছু দরকার। বাংলাদেশের লিডারশিপগুলো ধ্বংস করা হয়েছে, তাই নাগরিক কমিটি আগামীতে ডিমান্ড অনুযায়ী দক্ষ নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এসব নেতৃত্বই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”