আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে বিলম্ব হলে বিষয়টি অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ বলে গণ হবে বলে জানানো হয়েছে।
সময়মতো অফিসে প্রবেশ ও বের হওয়ার বিষয়ে কর্মীদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে এমন নির্দেশ দেয়া হয়।
সেখানে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
(ক) বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি; (খ) বিনা অনুমতিতে অফিস ত্যাগ,(গ) বিলম্বে অফিসে উপস্থিতি।
এ অবস্থায় সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময়ে শেষ হওয়ার পূর্বে অর্থাৎ (পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময় বিকেল ৫টার) পূর্বে কেউ যেন দফতর ত্যাগ না করেন, তেমনটাও বলা হয়েছে নির্দেশনায়।
অফিস আদেশে আরও বলা হয়েছে, অফিস চলাকালীন দাফতরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিজ অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব/সলিসিটর) অনুমতি গ্রহণকরত সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দফতরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি : এবং ডিজিটাল হাজিরা প্রদানকরত অফিস ত্যাগ করতে হবে।
কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।











