মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন খাতে বরাদ্দ সংকোচন ও ব্যয় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়েছে, সংশোধিত বাজেটের আওতায় সরকারি দপ্তরে নতুন যানবাহন ক্রয়, কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনা, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং সুদমুক্ত ঋণ প্রদান আপাতত বন্ধ থাকবে। পাশাপাশি ভূমি অধিগ্রহণ খাতেও ব্যয় স্থগিত রাখা হয়েছে।
এছাড়া আপ্যায়ন, সভা-সেমিনার ও স্থাপনা নির্মাণের মতো খাতে বরাদ্দ কমিয়ে আনা হয়েছে। এসব ক্ষেত্রে অবশিষ্ট অর্থের নির্দিষ্ট অংশের বেশি ব্যয় না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও ভ্রমণ ব্যয়সহ বিভিন্ন খাতে অবশিষ্ট বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয় করা যাবে। একইভাবে সেমিনার ও কনফারেন্স সংক্রান্ত ব্যয়ে নির্ধারিত সীমা বেঁধে দেওয়া হয়েছে।
তবে সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর প্রশিক্ষণ কার্যক্রম এবং চলমান কিছু নির্মাণ প্রকল্প নির্দিষ্ট শর্তসাপেক্ষে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।
সরকার বলছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ সামাল দিতে এবং ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশনা চলতি অর্থবছরের অবশিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














