কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলে ভাইরাল বিএনপি নেতা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১০, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া নামের এক বিএনপি নেতা। এ ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলের দিকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে গত শুক্রবার (৭ নভেম্বর) কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যিনি তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” পাশে থাকা অন্যরা সঙ্গে সঙ্গে তার ভুল ধরিয়ে দেন। তিনি কথা ঠিক করে নতুন করে বক্তব্য শুরু করার আগেই ভিডিওর রেকর্ডিং শেষ হয়।

তিতাস উপজেলা বিএনপির সূত্র জানায়, ওই সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।

ঘটনা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “বক্তব্য দিতে গিয়ে ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়ার পরিবর্তে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল নিছক ‘স্লিপ অব টাং’। আমি এই ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।”