কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুধু ছাগলকাণ্ডের মতিউর নয়, বিতর্কিত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৫, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ৫ আগস্টের আগেই আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধমূলক কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকাল ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ছাগলকাণ্ডের মতিউরকে আজ ধরা হয়েছে। শুধু মতিউর নয়, বিতর্কিত সব কর্মকর্তাকে একে একে বের করে ধরা হবে।”

তিনি আরও বলেন, “বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাদের বদলি, পদায়ন ও পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ যারা প্রশিক্ষণ শেষ করেছেন, তাদের অনেকেই এখনো নিয়োগ পাননি। যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, তাদের ফুটেজ দেখে ধরা হচ্ছে। প্রতিদিনই ২-১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে ছাগল মতিউর ধরা পড়েছে। এতদিন তাকেও ধরা যায়নি।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “যারা ছাত্র আন্দোলনে সরাসরি গুলি চালিয়েছেন—কনস্টেবল থেকে ডিসি পর্যন্ত—তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদেরও ধরা হবে। ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে একজন ওসি ধরা পড়ার পর পালিয়েও গেছেন। তবে সবাইকে আইনের আওতায় আনা হবে। অনেকে লুকিয়ে আছেন, তাদেরও খুঁজে বের করা হচ্ছে।”

বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করে তিনি সাংবাদিকদের তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ করেন।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতা করেছেন। তবে অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ করছি।”