কুমিল্লামঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশুর অনুরোধে ‘গোলাপি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের দাবি, ইরানের প্রচারণা ঘিরে বিতর্ক

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৭, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সামরিক বাহিনী একটি শিশুর অনুরোধে ইসরাইল লক্ষ্য করে গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে—এমন দাবি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ছবিতে গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র দেখা যায়। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি এক ‘বিপ্লবী ছোট্ট মেয়ের’ আবদারের ফল।

এর আগে চলতি সপ্তাহে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক ইরানি শিশু আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার জেনারেল মুসাভিকে ইসরাইলে গোলাপি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুরোধ জানাচ্ছে। ভিডিওটি প্রকাশের পর ‘সেপাহ সাইবারি’ নামের একটি চ্যানেল থেকে সংশ্লিষ্ট ছবি শেয়ার করা হয়।

চ্যানেলটি আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে এবং নিয়মিত সরকারপন্থি বার্তা প্রচার করে থাকে। বিশ্লেষকদের মতে, সামরিক পদক্ষেপকে ব্যক্তিগত ও আবেগঘনভাবে উপস্থাপন করা ইরানের প্রচারণার একটি পরিচিত কৌশল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, শিশুটির অনুরোধের ৪৮ ঘণ্টার মধ্যেই তেল আবিব লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এ সংক্রান্ত কোনো স্বতন্ত্র ফুটেজ বা নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে, ইসরাইলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হওয়ার ঘটনার পরপরই এ ছবি প্রকাশিত হওয়ায় বিষয়টি নতুন করে নজর কাড়ে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।