কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিয়ালের মাংস বিক্রির অভিযোগ; এলাকাবাসীর তাড়া খেয়ে পালালো অভিযুক্ত

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৬, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহর উপজেলায় শিয়ালের মাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর ইউনিয়নের আফজালপাড়া গ্রামের মাংস বিক্রেতা আশু প্রামানিকের ছেলে আশরাফুল ইসলাম মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে স্থানীয়দের সহায়তায় একটি শিয়াল শিকার করে। পরে সেই শিয়ালের মাংস হরিপুর বাজারে বিক্রির চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়।

ঘটনাটি প্রকাশ পেলে আশরাফুল পরিস্থিতি বেগতিক দেখে ধুলাউড়ি আক্কাস চেয়ারম্যানের জোলার ব্রিজের নিচে শিয়ালের মাংস পুঁতে ফেলার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া দিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিয়ালের মাংস বিক্রির সত্যতা পেয়েছে। তিনি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এলাকাবাসীর একাধিক ব্যক্তি জানান, আশরাফুলের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এর আগে সে পাবনা সদরের কয়েকটি হোটেলে শুকরের মাংস বিক্রির সময় ধরা পড়ে। পাশাপাশি এলাকায় শিয়ালের মাংস ও মরা ছাগলের মাংস বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের হাতে একাধিকবার ধরা পড়ার অভিযোগও রয়েছে।