কুমিল্লাসোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন।

আবেদনে তিনি উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার অনুরোধ জানান। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ এক বিশেষ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। একই সঙ্গে এসব ক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।