কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ৪ হাজারের বেশি ইয়াবা, ফ্লাইট থেকে নামিয়ে আটক

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৯, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ৪ হাজার ৩৬৪টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (৯ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইট বিএস-৩৮১–এর এক যাত্রীর ব্যাগ তল্লাশির সময় এসব মাদক উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোর্ডিং ব্রিজ সি-২ এলাকায় দায়িত্বে থাকা এভিয়েশন সিকিউরিটির এক স্ক্রিনার ব্যাগ স্ক্যান করার সময় সন্দেহজনক কিছু শনাক্ত করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে লাগেজটি তল্লাশি করেন।

তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে মোট ৪ হাজার ৩৬৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ওই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে আটক করা হয় এবং তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বে থাকা স্ক্রিনার ও এভিয়েশন সিকিউরিটি সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে মাদক পাচারের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।