কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে অসংগতি দেখেন না মামুনুল হক

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যে তিন কারণ দেখিয়ে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন, তার মধ্যে একটি হচ্ছে– জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রচলন করবে না। দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে খ্রিষ্টান সম্প্রদায়কে জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া আশ্বাসের বক্তব্যে কোনো অসংগতি দেখছেন না বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে তিনি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছিল জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রচলন করবে না, এর ব্যাখ্যা কীভাবে দেবেন? জবাবে মামুনুল হক বলেন, জামায়াত আমিরের কথার মূল অর্থ হলো, যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে, নির্বাচন হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে। এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনেই শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়, সেটিই জামায়াত আমির বলেছেন। এ কথার মধ্যে কোনো অসংগতি নেই।

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন না থাকার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না– জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ষড়যন্ত্র আছে এমনটা মনে হচ্ছে না। শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায়।