ডেস্ক রিপোর্ট:
শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে তীব্র তুষারপাত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি, গত এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের কারণে কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঝড়টি দেশটির মধ্যাঞ্চল থেকে শুরু হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে চলে যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া, মিসিসিপি ও ফ্লোরিডার মতো রাজ্যগুলোর বাসিন্দাদের এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সতর্ক থাকতে বলা হয়েছে, যেহেতু সেখানে তীব্র শীতের অভিজ্ঞতা কম।
আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে এমন অস্বাভাবিক আবহাওয়া সৃষ্টি হচ্ছে। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুপ্রবাহ যা আর্কটিক অঞ্চলে চলাচল করে।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানিয়েছে, কিছু অঞ্চলে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে।
অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেপোডিন বলেছেন, ঝড়টির কারণে ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারি প্রত্যক্ষ করতে পারে।
এই ভয়ঙ্কর ঝড়ের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে বিঘ্ন ঘটবে। সড়কপথ বন্ধ হয়ে যেতে পারে। কানসাস ও ইন্ডিয়ানা অঞ্চলে প্রায় ৮ ইঞ্চি তুষারপাত হতে পারে, এবং মধ্যপশ্চিমাঞ্চলে তুষারঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ রায়ান মাও বলেছেন, “ঝড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এটি এমন ঝড় যা আমরা গত কয়েক বছরে দেখিনি।”












