কুমিল্লাশুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসিত হয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–এর সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তারা দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ৩০ জন এবং বেনগাজি ও আশেপাশের এলাকায় বসবাসকারী ১৪৫ জন অসহায়, দুস্থ ও শারীরিকভাবে অসুস্থ বাংলাদেশিকে বুরাক এয়ারের ফ্লাইটযোগে দেশে আনা হয়।

প্রত্যাবাসিতদের মধ্যে বেশির ভাগ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকের বিরুদ্ধে লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের অভিযোগও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। এছাড়া, অভিজ্ঞতা শেয়ার করে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রত্যাবাসিতদের অনুরোধ করা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেক প্রত্যাবাসিতকে পথযাত্রার খরচ, প্রাথমিক খাদ্য, চিকিৎসা এবং প্রয়োজনমতো অস্থায়ী বসবাসের সুবিধাও প্রদান করেছে।