কুমিল্লাশুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাকসাম জংশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কা, বগি লাইনচ্যুত, আহত অন্তত ৫

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে বগিতে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনায় কুমিল্লার লাকসাম জংশনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস লাকসাম জংশনে পৌঁছালে চাঁদপুর অভিমুখী লোকোমোটিভটি রিভার্স করে রেকের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রক্রিয়ায় ছিল। এ সময় দ্রুতগতির ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের একটি বগির সঙ্গে সজোরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একটি বগি দুমড়েমুচড়ে লাইনচ্যুত হয়। ইঞ্জিনটিও একপাশে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে লাকসাম-চাঁদপুর রেললাইনের একটি অংশে ফাটল দেখা দেয়। দুর্ঘটনার সময় বগিতে থাকা অন্তত পাঁচজন যাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

লাকসাম জংশনের ট্রেন এক্সামিনার এস এম আক্তার হোসেন বলেন, রেক সংযুক্তির সময় ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকারী রিলিফ ট্রেন লাকসাম লোকশেডে প্রস্তুত থাকলেও ইঞ্জিন সংকটের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা যায়নি। আখাউড়া লোকোশেড থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে লাকসাম জংশনে দুটি মেইন লাইন সচল থাকায় ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।