স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষার লক্ষ্যে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (০৮ মার্চ) লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে ৪ জন ব্যবসায়ীকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা অনুসরণ না করায় ২৮,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মিজান এন্ড ব্রাদার্সের মালিক মো: রাশেদকে বিধি বহির্ভূতভাবে চাষি চিনি গুড়া চালের প্যাকেটে খোলা পোলাউয়ের চাল প্রক্রিয়াজাত করে বিক্রি করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোট ১,২৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এ অভিযানে।
বাজার মনিটরিং কার্যক্রম চলাকালীন রমজানের বিশেষ পণ্যের বাজার দর যাচাই করা হয়। এ সময় বাজার কমিটির সদস্য, খুচরা ও পাইকারি বিক্রেতা এবং সংশ্লিষ্ট ডিলারদের ক্রয় রশিদ সংরক্ষণপূর্বক মূল্য তালিকা প্রদর্শন করে সহনীয় মূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ জানান, বাজারে নির্ধারিত মূল্যে পণ্যের বিপণন ও সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাই তাদের মূল লক্ষ্য।
এ অভিযানের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।












