কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাইপজিগের বিপক্ষে ড্র করেও শেষ আটে কার্লো আনচেলত্তির দল

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে ফিরতি লেগে লাইপজিগের বিপক্ষে ড্র করল কার্লো আনচেলত্তির দল। সমতায় ম্যাচ শেষ করলেও কোয়ার্টার-ফাইনালের টিকিট পেয়েছে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে লাইপজিগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা।

ম্যাচের শুরুতে দুই দলই খানিকটা সময় নিয়েছে। ঘর গুছিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। ম্যাচে ৪১তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় লাইপজিগ। তবে সিমন্সের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আন্দ্রি লুনিন। ওই কর্নার থেকেও সুযোগ পেয়েছিল তারা; কিন্তু এবার ওপেনদার শট পোস্টের বাইরে যায়।

বিরতির পর কামাভিঙ্গাকে তুলে রদ্রিগোকে নামান আনচেলত্তি। তাতে রিয়ালের খেলায় কিছুটা ধার ফেরে। তবে রিয়ালের গোলটা এসেছে শেষ পর্যন্ত ভিনির পা থেকেই। বেলিংহামের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে জালে পাঠান ভিনি। দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে তিন মিনিট পরেই রিয়ালের স্বস্তি কেড়ে নেয় লাইপজিগ। সতীর্থের ক্রসে দারুণ হেডে ম্যাচের স্কোরলাইন ১-১ করেন লাইপজিগ ডিফেন্ডার অরবান। শেষ পর্যন্ত ১-১ সমতায়ই শেষ হয় ম্যাচ।