কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৮, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি শহরতলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানলে অনেক ভবন পুড়ে গেছে এবং ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে সরে যেতে ছোটাছুটি শুরু করেন। লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্য অঞ্চলে ১,২৬০ একর জায়গাজুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। ওই এলাকায় দামি দামি বাড়িঘর অবস্থিত। দাবানল ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত বাসিন্দারা প্যাসিফিক প্যালিসেডস পার্বত্য এলাকায় ঢোকা ও বের হওয়ার একমাত্র রাস্তাটির মধ্যে তাঁদের গাড়ি ফেলে রেখে নিরাপদ আশ্রয়ের খোঁজে হেঁটে চলে যান।

লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সময় হুড়োহুড়ি হলেও দাবানলে কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন বলেন, ‘আমরা এখনও বিপদমুক্ত নই।’ বাতাসের গতি আরও বাড়তে পারে।

দাবানল দ্রুত ছড়াতে থাকায় ওই অঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। এরই মধ্যে দাবানলে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির কিছু অংশে প্রতি ঘণ্টায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গুরুতর দাবানলের বিপদজনক সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় থাকবে।