কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ছেলেসহ তিনজনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!


লক্ষ্মীপুর পৌর শহরে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্য ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের বাঞ্চানগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত নাছির আহমেদ (৫৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা এবং গত বছর ট্রাফিক কনস্টেবল পদ থেকে অবসর নেন। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বাসায় নাছির ও তার ছেলে ইমরান আহমেদ ছিলেন। হঠাৎ তিনি ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ছেলের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় ছেলে পালানোর চেষ্টা করলে তিনি তাকে ধাওয়া করেন।

এ সময় প্রতিবেশী স্বপন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে একই বাড়ির আরও এক বাসিন্দা এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়।

এরপর নাছির ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাছিরের মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপরজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।