কুমিল্লাশুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২০, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন।


নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট, বিপরীতে অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোট পড়ে ৩৪৩টি এবং অব্যবহৃত থাকে ৬টি ব্যালট। এ ছাড়া বিভিন্ন ত্রুটির কারণে আইনি প্রক্রিয়া মেনে ৪টি ব্যালট প্রতিস্থাপন করা হয়। ফল ঘোষণার পর সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।


এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধী দলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরাও একে একে তাকে অভিনন্দন জানান।
ভোটগ্রহণ চলাকালে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পূর্ণ নাম স্বাক্ষর করে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সবার আগে ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্য সংসদ সদস্যরা।
উল্লেখ্য, দীর্ঘ সাড়ে তিন দশক পর এবারই প্রথম সংসদ সদস্যদের প্রকাশ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।