কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত দিলেন আসিফ মাহমুদ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ রোববার সকাল ১০টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ তথ্য জানান।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি।’

ছায়া মন্ত্রিসভার কাজ কী হবে, তা আসিফ মাহমুদ তাঁর পোস্টে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পোস্টের স্ক্রিনশট

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পোস্টের স্ক্রিনশটছবি: আসিফ মাহমুদের ফেসবুক

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে (ঋণ খেলাপের কারণে)।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি। বিএনপি জোটের শরিকেরা পেয়েছে ৩টি আসন। সব মিলিয়ে এখন বিএনপি জোটের আসনসংখ্যা ২১২। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য ৭৭ আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে। এই জোটের প্রধান দল জামায়াত ৬৮ আসন পেয়েছে। আর এনসিপি পেয়েছে ৬টি আসন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট গত শুক্রবার রাতে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর একই দিন বিকেলে হবে মন্ত্রিসভার শপথ।

বিএনপির প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। বিএনপির নীতিনির্ধারকেরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে।