কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে প্রধানমন্ত্রীর ছবি–সংবলিত ব্যানার অপসারণের নির্দেশ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বিভিন্ন সড়ক, বিলবোর্ড ও এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে দেওয়া অভিনন্দনমূলক ব্যানার ও বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সকালে গুলশান থেকে বের হওয়ার সময় হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবিসংবলিত একটি ব্যানার দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সেটি অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে দ্রুত ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

শুধু ব্যানারই নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপিত বিলবোর্ড ও এলইডি স্ক্রিনে প্রদর্শিত অভিনন্দনমূলক বিজ্ঞাপনও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিজয় সরণি এলাকায় একই ধরনের একটি প্রদর্শনী চোখে পড়লে সেটিও অপসারণ করতে বলা হয়েছিল।

কোস্ট গার্ডকে টহল জোরদারের নির্দেশ

এদিন সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। সেখানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, অবৈধ পাচার ও ডাকাতি প্রতিরোধে টহল জোরদার এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ভিভিআইপি প্রটোকল কমায় বেড়েছে যানবাহনের গতি

অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভিভিআইপি প্রটোকল সীমিত করে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের ফলে যানবাহনের গতি কিছুটা বেড়েছে।

গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী, আগে যেখানে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, বর্তমানে তা বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে পৌঁছেছে। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ট্রাফিক নিয়ম অনুসরণ করায় এ উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চালের বাজারে নজরদারি জোরদার

মোটা চালের মূল্যবৃদ্ধির খবর পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের তৎপরতায় বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।