কুমিল্লাবৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাউজান উপজেলায় মুজিব (৫০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজিব পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ইউনিয়ন যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর অলিমিয়ার হাটের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মুজিব। পরে সড়কের দিকে এগোতেই আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কপাল, বুক ও পেটে একাধিক গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজিবের ছোট ভাই মো. আনোয়ার হোসেন দাবি করেন, তার ভাই যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাউজান থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী–এর অনুসারী ছিলেন। অতীতে তার ওপর হামলার ঘটনাও ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন।

এদিকে রাউজান উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল বলেন, দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু তিনি নিজেই ছিলেন বলে তার ধারণা। ভুলবশত তার আত্মীয় মুজিব গুলির শিকার হয়েছেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা টিবলু কান্তি দে জানান, হাসপাতালে নেওয়ার আগেই মুজিবের মৃত্যু হয়।

রাউজান থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।