রমজানকে সামনে রেখে উপসাগরীয় দেশ কাতার বড় ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশটির এনডাউনমেন্ট ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র মাসে মুসল্লিদের সুবিধার জন্য সারাদেশের মসজিদগুলো সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।
পবিত্র মাসকে ঘিরে দেশজুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি ও উদ্যোগ।
এই ঘোষণা দেয়া হয় দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মাদ ইবনে আবদ আল-ওয়াহাব মসজিদ-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে। সেখানে উপমন্ত্রী ড. শেখ খালিদ বিন মোহাম্মদ বিন ঘানেম আল থানি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, রমজান উপলক্ষে ১২টি নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে। আরও ১২টি মসজিদের কাজ শিগগিরই শেষ হবে। পাশাপাশি অনেক পুরোনো মসজিদ সংস্কার করা হয়েছে এবং ১৮টি মসজিদে নতুন কার্পেট বসানো হয়েছে।
বিশেষভাবে নারীদের জন্য নেয়া হয়েছে বড় উদ্যোগ। এক হাজারের বেশি নামাজের জায়গা প্রস্তুত করা হয়েছে শুধু মহিলাদের জন্য। এসব স্থানে উন্নত শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, ভালো সাউন্ড সিস্টেম এবং আলাদা পার্টিশনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন। যেকোনো প্রযুক্তিগত সমস্যা সমাধানে জরুরি টিম ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে।
এছাড়া কাতারের পার্ল দ্বীপে হামাদ বিন জসিম বিন জাবের আল থানি মসজিদ উদ্বোধন করা হয়েছে। এই মসজিদটি বারোক স্থাপত্যশৈলীতে নির্মিত, যা কাতারে এ ধরনের প্রথম মসজিদ।
মন্ত্রণালয় জানিয়েছে, রমজান সামাজিক বন্ধন ও ঈমানি চেতনা শক্তিশালী করারও সময়। তাই পবিত্র মাসকে ঘিরে দেশজুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি ও উদ্যোগ। সূত্র: রিপাবলিকা ইন্দোনেশিয়া












