ডেস্ক রিপোর্ট:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “আমরা চেষ্টা করছি সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটা সম্ভব সহনশীল রাখা যায়। চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারি। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে শেখ বশির বলেন, “দেশে গত ১৫ বছরে একটি অপরাধমূলক সংস্কৃতি গড়ে উঠেছিল। রাষ্ট্রের অভ্যন্তরে সমাজ চরমভাবে বিভক্ত ছিল এবং জনগণ ভীতসন্ত্রস্ত অবস্থায় ছিল।”
তিনি আরও বলেন, “আজকে অপরাধ প্রবণতা সমাজের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে—ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, সাংবাদিকতা—সব জায়গায়। এমনকি আমাদের জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এমন একটি পরিস্থিতি থেকে ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, কীভাবে একটি সম্মানজনক সমাজে পরিণত হওয়া যায়।”












