যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলার পর তীব্র প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সামনে আর কোনো ‘রেড লাইন’ অবশিষ্ট নেই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–কে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, ইরান এবার প্রকাশ্য ও সরাসরি প্রতিক্রিয়া জানাবে। তার ভাষায়, “যা সামনে আসছে, তার জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ও কৌশলগত স্বার্থ এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অতীতে যেসব বিকল্প বিবেচনায় ছিল না, বর্তমান পরিস্থিতিতে সেগুলোও আলোচনায় এসেছে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে, সৌদি আরবেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ‘আগাম প্রতিরক্ষামূলক’ হামলা চালানোর কথা জানায় ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্রও অংশ নেয় বলে দাবি করা হয়। জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক তৎপরতার দিকে এখন নজর বিশ্লেষকদের।












