কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৫, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যেকোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। শনিবার সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

গুতেরেস বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে জাতিসংঘ পাশে থাকবে। তিনি আরও বলেন, ঢাকায় সফরকালে তিনি যে আতিথেয়তা পেয়েছেন, তাতে তিনি মুগ্ধ। এছাড়া, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

সকালে আন্তোনিও গুতেরেস ঢাকায় নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকেও অংশ নেন।

বাংলাদেশে চারদিনের সফরের তৃতীয় দিনে শনিবার আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন জাতিসংঘ মহাসচিব। দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় তিনি অংশ নেন। এরপর দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত একই হোটেলে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দেন।

বিকাল ৫টা ২০ মিনিটে আন্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন।