ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনো ধরনের আপস করবে না এবং শত্রু শক্তিকে এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়া হবে। দেশের নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায়। তবে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, কখনও কখনও অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে, যার জবাব দিতে তেহরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ওই দেশগুলোর সঙ্গে ইরানের সরাসরি বিরোধ রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যে কোনো শক্তি যদি ইরানের ওপর আক্রমণ চালায়, তবে তার কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। দেশের নিরাপত্তা রক্ষায় ইরান সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ভাষণে জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পেজেশকিয়ান। তিনি বলেন, দেশের মাটি ও পানির নিরাপত্তা রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। জনগণের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমেই ইরান তার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে।


.












