ডেস্ক রিপোর্ট:
বর্তমান সময়ের ছোট পর্দায় আলোচিত অভিনেত্রী পারসা ইভানা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের খ্যাতনামা অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন তিনি। মূলত ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহের এই প্রশিক্ষণে অংশ নেবেন পারসা। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি নিউ ইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন। দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন।
পারসা বলেন, ‘কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা। সেখান থেকে ২-৩ পৃষ্ঠার একটি সিলেক্ট করতে হয়েছে। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, “তুমি তোমার দেশে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরো প্রশিক্ষণ নিতে চাও?” উত্তরে আমি বললাম, আমি কখনো অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই। এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, “তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছ।” যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল, কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হলো, আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়ে গেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা।’ পারসা ইভানা ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরো কিছু নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।
আসন্ন ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী থাকবেন পলাশ ও পাভেল।












