কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দুঃখজনক: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৮, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই কর্মসূচির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “স্টাফদের দাবির বিষয়ে আমাদের আলোচনার দরজা সবসময় খোলা। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও বসতে প্রস্তুত। পাশাপাশি অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবো।”

তিনি আরও বলেন, “যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য আমরা আগে থেকেই গণমাধ্যমে জানিয়েছি। তারপরও কেউ স্টেশনে এলে, তাদের সুবিধার্থে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। এতে যাত্রীরা রেলের রুট ধরে গন্তব্যে যেতে পারবেন।”

স্টাফদের দাবির বিষয়ে তিনি বলেন, “তাদের মাইলেজ অ্যালাউন্সের দাবি দীর্ঘদিন ধরে বন্ধ। এরই মধ্যে তাদের অনেক দাবি আমরা পূরণ করেছি। বাকি দাবিগুলো নিয়েও আলোচনা করতে প্রস্তুত। রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে আলোচনার সুযোগ সবসময় আছে। তবে রেল বন্ধ রাখলে সরকারের বড় অসুবিধা হচ্ছে না, ভোগান্তি হচ্ছে সাধারণ যাত্রীদের। আমরা চাই, দ্রুত এ সমস্যার সমাধান হোক। কারণ সামনে বিশ্ব ইজতেমা রয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং রেলওয়ে ঢাকা বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।