কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৬, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর সদর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে একটি মোবাইল ব্যাংকিং দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শামীম হোসেন (৩৫)। তিনি রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শামীম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশ দোকানের সামনে গিয়ে দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকান মালিক আরাফাত হোসেন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরার মনিটরে দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এ সময় স্থানীয়রা শামীমকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফাত হোসেনকে আটক করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।