কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বাড়ি যাওয়া হলো না বৃদ্ধার; কুমিল্লায় পিকআপের ধাক্কায় মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১৯, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া:

ব্রাহ্মণপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় রৌশনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রৌশনা বেগম (৭৫) ওই এলাকার মৃত সাজন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রৌশনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় একটি নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যান পেছন থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ সুরাইয়া বেগম জানান, দুপুরে খাওয়া-দাওয়ার পর রৌশনা বেগম বিশ্রাম নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে পিকআপ ভ্যানের ধাক্কায় তার মাথা, বুক ও হাতে মারাত্মক আঘাত লাগে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান, তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ বলেন, “হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার মাথার পেছনে, বুকে এবং হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনাস্থলে পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বয়স বিবেচনায় মানবিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।