ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে টাকা বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ছিলেন বিএনপির সহসভাপতি আবদুল বারেক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ রবি। সম্প্রতি বালু উত্তোলন নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই বালু উত্তোলন থেকে প্রাপ্ত অর্থ বণ্টন নিয়ে মঙ্গলবার রাতে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা টেটা (লোহার রড) দিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, সংঘর্ষের সময় উভয় পক্ষই টেটা নিয়ে লড়াইয়ে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে বেশ কয়েকজন টেটার আঘাতে জখম হয়েছেন।
মেঘনা থানার ওসি আব্দুল জলিল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।












