ডেস্ক রিপোর্ট:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার তথাকথিত মেগা প্রজেক্টের নামে দেশের নদী ও খালগুলো ভরাট করেছে। তার মতে, স্বৈরাচারী সরকার কখনো মানুষের কল্যাণে কাজ করে না।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন রিজভী।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র। আগে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যেতে হলে হামলার ভয়ে গাড়ির কাচ তুলে দিতাম। অথচ আজ উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি—এটা আনন্দ ও উচ্ছ্বাসের বিষয়।”
রিজভী আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন যে উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিল, তার বেশিরভাগই সফল হয়েছে। “করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে ফাউন্ডেশনের কর্মীরা অলিগলিতে ওষুধ ছিটিয়েছে এবং মশা নিধনে কাজ করেছে। বন্যা, ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগেও এই ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছে।”
ফাউন্ডেশনের পরিচালক ও ড্যাব নেতা শাহ মো. আমান উল্লাহ বলেন, “জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে। সারাদেশে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এই ফাউন্ডেশন। এর তদারকি নিজেই করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খান, ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম প্রমুখ।












