কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৬, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

দরজা একটি বন্ধ হলে খুলে যায় আরও কয়েকটি দরজা। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলেও তাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ফিজকে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে পিএসএল কর্তৃপক্ষ। পোস্টে বলা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান! এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’

মুস্তফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় যে বিতর্কের ঝড় উঠেছে, সেটি এখনও থামেনি। আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতনিধি ছিলেন মুস্তাফিজ। তার নিষেধাজ্ঞার পর পাকিস্তানের মতো বাংলাদেশেরও কোনো তারকা থাকল না আইপিএলে।

তবে, আইপিএল থেকে মুস্তাফিজকে নিষিদ্ধ করা হলেও পিএসএলে দরজা তার জন্য খোলা। লন্ডনভিত্তিক পাকিস্তানি স্ট্যান্ডআপ কমেডিয়ান ও সঞ্চালক সালমান মালিক মুস্তাফিজ ইস্যুতে একটি পোস্ট করেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি দিয়ে সালমান লিখেছেন, ‘যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা (ভারত) খুশি হয়, হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে খুশি হবো।’

মুস্তাফিজ অবশ্য আছেন ফুরফুরে মেজাজে। মাঠে নামছেন, দলের প্রয়োজনে জ্বলে উঠছেন, জয়ে অবদান রাখছেন।

টিম বাসে বসে তার গান শোনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতানো মুস্তাফিজ পেয়েছেন অবসর। বিপিএলে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) কোনো ম্যাচ নেই। আগামীকাল ও পরশুর সূচি অনুযায়ী খেলা নেই রংপুরের। তিনদিনের ছুটিই পেয়েছেন বলা চলে।

এমন অবসরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ। ছবিতে দেখা যাচ্ছে, তার দৃষ্টি দূরে। ক্যাপশনে লিখেছেন— ‘মাঠে চোখ, নজর জয়ে।’