সংসদীয় বিধি অনুসরণ না করে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রস্তাবটির আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রোববার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, প্রস্তাবটি যে প্রক্রিয়ায় আনা হয়েছে তা বিধিসম্মত নয় এবং এতে কারিগরি ত্রুটি রয়েছে। তিনি উল্লেখ করেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে হলে নির্ধারিত বিধি যথাযথভাবে অনুসরণ করতে হয়।
মন্ত্রী আরও বলেন, আইন প্রণয়ন বা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় তড়িঘড়ি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব নয়। এ ধরনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা জরুরি।
মুলতবি প্রস্তাবের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, যেসব বিষয়ে সমাধান কেবল আইন প্রণয়ন বা সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব, সেগুলো মুলতবি প্রস্তাবের আওতায় আনা যায় না।
এ সময় তিনি সংসদকে পূর্বের অনিয়মিত চর্চায় না ফেরানোর আহ্বান জানান এবং স্পিকারের কাছে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন।
সংবিধান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী একটি সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংবিধান সংশোধন প্রক্রিয়া এগিয়ে নেওয়া যেতে পারে, যা দেশের জনগণের প্রত্যাশা প্রতিফলিত করবে।


./
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












