মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে ভারত থেকে আসা ১৪৫ বস্তা চিনিসহ দুই যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। রবিবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা-সংকুচাইল সড়কের নবীয়াবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ২টি পিকআপ গাড়ীতে বোঝাই করা ১৪৫বস্তা (৭১০৫কেজি) চিনি ও দুটি পিকআপ জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের সোহেল মিয়ার ছেলে মো: রনি (২২) অপরজন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো: সালাউদ্দিন (৪৭)।
জানা যায়, ভারতীয় অবৈধ চিনি দুটি পিকআপ রাতে বাঙ্গরা বাজারে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার বাঙ্গরা-সংকুচাইল সড়কের নবীয়াবাদ এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় সন্দেহভাজন দুটি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ১৪৫ বস্তা ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
তবে একটি সূত্রে জানা যায়, প্রতিদিন বাঙ্গরা বাজার হয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ চিনি পাচার হয় উপজেলার মালাই বাঙ্গরা, রামচন্দ্রপুরসহ পার্শ্ববর্তী উপজেলার হোমনা ও বাঞ্ছারামপুর এলাকায়। তাছাড়া এ অঞ্চলের ভারতীয় এই অবৈধ চিনি ব্যবসার মূল হোতা দক্ষিণ বাঙ্গরা বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন। সে বাঙ্গরা থানার পাশেই গড়ে তুলেছে এ অবৈধ চিনির ব্যবসা। জামালকে নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার বিরুদ্ধে রহস্যজনক কারনে এখনো ব্যবস্থা নেয় নি পুলিশ ও প্রশাসন। তবে জামাল থানা সহ বিভিন্ন জায়গায় মাসোয়ারা দিয়ে ব্যবসায় পরিচালনা করে আসছেন বলে জানা যায়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪৫ বস্তা ভারতীয় চিনি ও দুটি পিকআপ সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে প্রেরন করা হয়েছে। অবৈধ চিনির ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।












