কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৯, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার পীর কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

ডিবি পুলিশ সূত্র জানায়, গত ৩ জুলাই মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী এলাকায় আলোচিত ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা শাহ আলম সরকারের সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে। রিমান্ডে অন্যান্য আসামিদের কাছ থেকেও ওই বিএনপি নেতার নাম এসেছে। প্রাথমিক তদন্ত ও নানা দিক বিশ্লেষণ করেই শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি নেতা শাহ আলমের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ সরকার মুন্না বলেন, পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া মসজিদের সামনে থেকে বাবাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর কয়েক ঘণ্টা উৎকণ্ঠায় ছিলাম। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানায় খোঁজখবর নিয়েও কোনো তথ্য পাইনি। রাত সাড়ে ১১টার দিকে বাবা ডিবি অফিস থেকে একজনের মোবাইলে ফোন করে জানান, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আবদুল্লাহ জানান, শাহ আলমকে তুলে নেওয়া হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।