কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদউল্লাহকে সম্মান জানাল আইসিসি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৩, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ। বুধবার ফেসবুকে এক বার্তায় বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার জানান, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তাকে কেবল ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে। ফেসবুকে এই ঘোষণার পর থেকেই মাহমুদউল্লাহকে শুভেচ্ছা জানাচ্ছেন তার সতীর্থ ক্রিকেটাররা এবং অনুরাগীরা। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও তাকে সম্মান জানাল।

আইসিসি ইভেন্টে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার মাহমুদউল্লাহকে বিদায়ের সময় বিশেষ সম্মান দেখিয়েছে আইসিসি। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে সম্মান জানিয়ে আইসিসি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর শূন্যে লাফ দিয়ে উল্লাস করতে দেখা গেছে মাহমুদউল্লাহকে।

আইসিসির প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, মাহমুদউল্লাহ গ্যালারির দিকে উড়ন্ত চুমু দিচ্ছেন। তার এই কীর্তি দেখিয়ে আইসিসি মাহমুদউল্লাহকে বিশেষ সম্মান জানিয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর জন্য বিশেষ কিছু।’

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে করা সেঞ্চুরিটি ছিল মাহমুদউল্লাহর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। একই বিশ্বকাপে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেন। এরপর ওয়ানডেতে আরও দুটি সেঞ্চুরি করেছেন তিনি, যেগুলোও এসেছে আইসিসি ইভেন্টে।

মাহমুদউল্লাহ ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে এবং ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ১১,০৪৭ রান। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ব্যাটিং গড় ৩১.৮৩। এছাড়াও তিনি করেছেন ৯টি সেঞ্চুরি এবং ৫৬টি অর্ধশতক।