ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় ৬৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশটির ‘ইসলামিক ডেভেলপমেন্ট’ বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা শনিবার কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়।
এবারের প্রতিযোগিতায় ৭১টি দেশের ৯২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে হিফজ বিভাগে ৩৯ জন এবং তিলাওয়াত বিভাগে ৫৩ জন প্রতিযোগী রয়েছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, এ ধরনের আয়োজন কেবল কুরআনকে সবার মাঝে মহিমান্বিত করবে না, বরং তা বোঝার ক্ষেত্রে সহযোগিতাও করবে।
তিনি আরও বলেন, মুসলিমদের ঐক্য সম্পর্কে সঠিক অর্থ বুঝতে হবে এবং বিভ্রান্তি ও বিভেদ থেকে বিরত থাকতে হবে। এ ধরনের সচেতনতা দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার তান শ্রী জোহরি আব্দুল, প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী (ধর্মবিষয়ক) দাতুক ডক্টর মোহাম্মদ নাঈম মোখতার এবং মুখ্য সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর।
প্রতিযোগিতার সমাপনী দিনে, ১২ অক্টোবর, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পেরতুয়ান আগং সুলতান ইব্রাহিম এবং রানী পেরমাইসুরি আগং রাজা জারিথ সোফিয়াহ।












