মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের শ্রমিক কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই প্রবাসী বাংলাদেশি।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে সেহরি প্রস্তুতের সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।
নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহত হয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভোরে শ্রমিক কোয়ার্টারে সেহরির জন্য রান্না করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই সময় কোয়ার্টারে থাকা ৩৮ জন বাংলাদেশি শ্রমিকের মধ্যে সাতজন মারাত্মকভাবে দগ্ধ হন। অন্যরা পাশের কক্ষে ঘুমিয়ে থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউতে এবং অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, এই মর্মান্তিক ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশিকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাইকমিশন কর্তৃপক্ষ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হাইকমিশনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ধীগুরা দ্বীপে পৌঁছেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে মালদ্বীপের স্থানীয় প্রশাসন একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। বিস্ফোরণে শ্রমিক কোয়ার্টারের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।


.












